logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ অক্টোবর ২০২৬ ০৮:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জে চুরি-ডাকাতি, মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান

অপরাধের তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ: ওসি রাজ্জাক

চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ০৮:১২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ০৮:১২ অপরাহ্ন
অপরাধের তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ: ওসি রাজ্জাক

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


চুরি-ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, অপরাধের তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ তাদের সহযোগিতা করবে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ নসিব আলী মাদ্রাসায় আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এলাকার কোথাও অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে হবে।


তিনি বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধীদের বিষয়ে নির্ভয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।


মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে ওসি বলেন, মাদকাসক্তির কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রথমে সামাজিকভাবে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে পুলিশকে তথ্য দিতে হবে।


তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি। স্থানীয় বাসিন্দারা সচেতন হলে অপরাধের তথ্য দ্রুত পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।


জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হালঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন।


সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই সেকান্দর আলী, এসআই মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান, সালিশি ব্যক্তিত্ব আলহাজ আছাব আলী, ইব্রাহিম আলী ও শিক্ষক তারেক আহমদ।


এ সময় মাজবন্দ গ্রামের আব্দুর রহমান, মজলী গ্রামের আবিদুর রহমান, এলংজুরী গ্রামের আখলিছুর রহমান, সকড়া গ্রামের বোরহান উদ্দিনসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18303
Page of