logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জের প্রনোজিৎ বিশ্বাসের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, আনন্দিত পরিবার ও এলাকাবাসী

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
জকিগঞ্জের প্রনোজিৎ বিশ্বাসের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, আনন্দিত পরিবার ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ উপজেলার মির্জারচক গ্রামের সন্তান প্রনোজিৎ বিশ্বাস বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) চূড়ান্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিষয়ে পড়াশোনা সম্পন্ন করে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।


প্রনোজিৎ বিশ্বাস জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের মৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মায়া রাম বিশ্বাসের চতুর্থ ছেলে। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সেবার আদর্শে গড়ে ওঠা এ পরিবারের সদস্যরা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন।


প্রনোজিতের বড় ভাই মনোজিত বিশ্বাস বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক হিসেবে কর্মরত। দ্বিতীয় ভাই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ভাই অনুজিত বিশ্বাস প্রবাসে রয়েছেন। তাঁর একমাত্র ছোট বোন পেশায় একজন নার্স।


পরিবারের সদস্যদের এই কর্মময় পথচলায় এবার নতুন মাত্রা যোগ করেছেন প্রনোজিৎ। ডেন্টাল চিকিৎসক হওয়ার মধ্য দিয়ে তিনি পরিবারের গৌরব যেমন বাড়িয়েছেন, তেমনি নিজ গ্রাম ও এলাকার মানুষের জন্যও আনন্দের উপলক্ষ তৈরি করেছেন। তাঁর এ অর্জনকে ঘিরে পরিবার, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।


প্রনোজিতের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্য, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। চিকিৎসাসেবাকে মানবকল্যাণের মাধ্যম হিসেবে গ্রহণ করে একজন আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।


বিশেষ করে জকিগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে প্রনোজিৎ তাঁর অর্জনকে আরও অর্থবহ করে তুলবেন—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও স্বজনদের। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত সাফল্য ও মানবিক চিকিৎসক হয়ে ওঠার জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন তাঁরা।


প্রনোজিৎ বিশ্বাসের এ সাফল্য তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের পাশাপাশি পরিবার ও এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18306
Page of