logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২১ অক্টোবর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জাপানি, কোরীয়, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ

কমলগঞ্জে ১৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণকেন্দ্র হবে: শ্রমমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
কমলগঞ্জে ১৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণকেন্দ্র হবে: শ্রমমন্ত্রী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেট অঞ্চলের তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ভবন নির্মাণের অপেক্ষায় না থেকে উপযুক্ত পরিত্যক্ত সরকারি স্থাপনায় দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


মঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সর্বজনীন শিবমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা কাজে লাগাতে ভাষা শিক্ষা ও পেশাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তরুণ-তরুণীদের জাপানি, কোরীয়, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ শেষে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে।


তিনি প্রশিক্ষণকেন্দ্রের উপযুক্ত স্থান নির্ধারণ, দক্ষ প্রশিক্ষক নিয়োগ এবং দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরুর বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।


দক্ষতা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান


সিলেট অঞ্চলের তরুণদের কর্মসংস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে শ্রমমন্ত্রী বলেন, সরকারি চাকরি, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তরুণদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে হবে।


তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষাগত দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জন জরুরি। প্রশিক্ষিত ও যোগ্য কর্মী তৈরি করা গেলে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ কাজে লাগানো সম্ভব হবে।


ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান


দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষই বাংলাদেশি। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তিনি বলেন, নির্বাচনে কে কাকে ভোট দিয়েছেন, তা বিবেচনায় না নিয়ে জনপ্রতিনিধিদের সবার জন্য কাজ করতে হবে। এলাকার উন্নয়নে দলমত-নির্বিশেষে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জরুরি। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সহযোগিতা করায় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


এর আগে মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


মন্দির পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহমান রিপন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির সদস্য, পূজারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18279
Page of