রাউজানে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোটনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে দাফন
চট্টগ্রাম : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
সকাল ১১টার দিকে গহিরার বক্স আলী চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। তাঁদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার (১১ অক্টোবর) ভারতের কলকাতা থেকে তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরায় পারিবারিক বাড়িতে পৌঁছায়।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শনিবার (১০ অক্টোবর) ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হন তিনি।