জৈন্তাপুরে জামায়াতের মাহফিলে ইসলামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা.) মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, মসজিদে থাকাকালে আমরা ইসলামের বিধিবিধান মেনে চলি; কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন থেকে দূরে সরে যাই। এর ফলে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, খুন ও সন্ত্রাস দেখা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের জন্য কাজ করতে হবে। ভালো মানুষ সমাজের নেতৃত্বে এলে সমাজ পরিবর্তনের জন্য সবসময় আইন পাসের প্রয়োজন হবে না বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন। একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি মাসুক উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নজরুল ইসলাম মারুফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উলামা পরিষদের সভাপতি হাফিজ সামছুসুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মামুনুর রশিদ, সাবেক আমির নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুর রহমান, উপজেলা কর্মজীবী পরিষদের সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি নাজিম আহমদ, নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম, জামায়াত নেতা কামাল আহমদ, হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।