বৈষম্যহীন বাংলাদেশ গড়া না পর্যন্ত জুলাই বিপ্লব চলবে: মামুনুল হক
গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও ফ্যাসিবাদ উৎখাত না হওয়া পর্যন্ত জুলাই বিপ্লবের লড়াই অব্যাহত থাকবে। জুলাই বিপ্লবের অর্জন ঘরে তুলেই তাঁদের ফিরতে হবে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, বিএনপি সরকার জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে রাজি নয়। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়িত হলে জ্বালানি খাতের সিন্ডিকেট, বিচারব্যবস্থায় দলীয় নিয়ন্ত্রণ, পুলিশ ও প্রশাসনের দলীয়করণ এবং নির্বাচনব্যবস্থায় কারসুপির সুযোগ কমবে।
তিনি আরও বলেন, “যেই জুলাই বিপ্লব শুরু হয়েছে, সেই জুলাই বিপ্লব শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারব, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে না পারব, ততদিন জুলাই বিপ্লব অব্যাহত থাকবে। জুলাই বিপ্লবের ফসল তুলে আমাদের ঘরে ফিরতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্বারী সাঈদ আহমদের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ও সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন জিরান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ উল্লাহ, মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ আব্দুল আজিজ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি আব্দুল আহাদ আনছারী, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা আবুল হোসেন শুফি, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা জিন্নুর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।