logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে শিলং তীরবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ, রিকশাচালকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
সিলেটে শিলং তীরবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ, রিকশাচালকের মৃত্যু

সিলেট : সিলেট নগরীর কানিশাইল এলাকায় শিলং তীরবিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরমা নদীতে ঝাঁপ দেওয়ার পর জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।


নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করতেন।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি দল কানিশাইল এলাকায় শিলং তীরবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জজ মিয়াসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন।


পরে পুলিশ তাঁকে নদী থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এসএমপির উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের অভিযানের সময় জজ মিয়াসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি নদীতে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশের এ কর্মকর্তা আরও জানান, জজ মিয়া আগে থেকেই হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18144
Page of