সত্য প্রকাশ, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতাই হোক সাংবাদিকতার মূল শক্তি: হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সিলেট প্রতিনিধি: সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ঘটনা সাহসিকতার সঙ্গে তুলে ধরা, অন্যায়-অনিয়মের চিত্র প্রকাশ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা সাংবাদিকদের অন্যতম প্রধান কর্তব্য। একই সঙ্গে গুজব, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাছুম আহমদ দুধরচকী সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব প্রসঙ্গে এসব মতামত তুলে ধরেন।
সাংবাদিকতার মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রকৃত চিত্র মানুষের সামনে তুলে ধরা। ব্যক্তিগত স্বার্থ, ভয়ভীতি কিংবা কোনো ধরনের প্ররোচনায় প্রভাবিত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া একজন আদর্শ সাংবাদিকের পরিচয়। সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছে দেওয়াও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তথ্যের বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার অন্যতম ভিত্তি। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বজায় রাখা সম্ভব। যাচাইবিহীন তথ্য কিংবা গুজব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সততা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার চর্চা অপরিহার্য।
তিনি মনে করেন, সাংবাদিকদের দায়িত্ব কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশ, জাতি ও সমাজের কল্যাণে জনসচেতনতা তৈরি এবং ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা। সত্যকে আড়াল না করে সাহসিকতার সঙ্গে তুলে ধরা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা পালন করা সাংবাদিকতার অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত।
নৈতিকতা ও আত্মশুদ্ধির প্রসঙ্গে নিয়মিত ভালো কাজের চর্চা, দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি ভয় মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের ক্ষেত্রেও এসব গুণ পেশাগত সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, সাহসিকতা ও নৈতিকতার সমন্বয় জরুরি। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বানই তাঁর বক্তব্যের মূল প্রতিপাদ্য।