logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাহুবল বাজারে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
বাহুবল বাজারে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


রোববার দুপুরে বাহুবল তোহা বাজারের পাশের বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা নিরাপত্তার কারণে কয়েকটি দোকানপাট বন্ধ করে দেন।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরে বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা বাগ্‌বিতণ্ডা ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ বাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, সিএনজি ও টমটম স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সংঘর্ষের কারণ ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17901
Page of