নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর
‘
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তিগঞ্জ বাজারে জড়ো হতে থাকেন। পরে তাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শান্তিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাজার চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। পরে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, ‘ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। ফ্যাসিস্ট হাসিনার বাবাও পালিয়ে গিয়েছিলেন। তিনিও তাঁর বাবার পথ ধরে পালিয়ে গেছেন। যদি তারা কোনো নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সব বাস্তবায়িত হচ্ছে। তা দেখে ফ্যাসিস্টরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে।’
সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ বক্তব্য দেন। এ সময় জেলা বিএনপির সদস্য নুর আলী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।