সিলেট সীমান্তে বিজিবির অভিযানে শটগান-গুলি-মদসহ কোটি টাকার মালামাল জব্দ
সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ও চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান, গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।