logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট:

সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে অবৈধ উচ্চ শব্দযুক্ত ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এছাড়া পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে মুরাদপুর বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় এসআরবি-৯-এর সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জেলাগুলোতে শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধেও পর্যায়ক্রমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17957
Page of