logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জাঙ্গালঘাটে রাতের আঁধারে বিষ ছিটিয়ে নাগামরিচের চারা নষ্টের অভিযোগ

জৈন্তাপুরে রাতের আঁধারে নাগামরিচের জমিতে বিষ, দিশেহারা ৭ যুবক

চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন
জৈন্তাপুরে রাতের আঁধারে নাগামরিচের জমিতে বিষ, দিশেহারা ৭ যুবক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

নিজেদের কর্মজীবনের পাশাপাশি বাড়তি আয়ের মাধ্যমে জীবনকে আরও সুন্দর করে সাজানোর স্বপ্ন দেখেছিলেন জৈন্তাপুরের কয়েকজন যুবক। সাতজন মিলে এক একর জমি এক বছরের জন্য ভাড়া নিয়ে শুরু করেছিলেন নাগামরিচ চাষের প্রস্তুতি। জমি চাষের উপযোগী করে ৬ হাজার ৫০০টি নাগামরিচের চারা উৎপাদনও করেছিলেন তারা। কিন্তু চারা রোপণের আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘাস মারার বিষ ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।


সম্প্রতি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাঙ্গালঘাট গ্রামে এ ঘটনা ঘটে।


উদ্যোক্তা আব্দুর রহমান জানান, তিনি তার সহকর্মী মাহবুবুর রহমান, রাশেদুজ্জামানসহ মোট সাতজন মিলে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এক একর জমি এক বছরের জন্য ভাড়া নেন। এরপর নাগামরিচ চাষের জন্য জমিটি চাষাবাদের উপযোগী করে তোলা হয়। সেখানে তারা প্রায় ৬ হাজার ৫০০টি নাগামরিচের চারা উৎপাদন করেন।


তিনি অভিযোগ করে বলেন, চারা রোপণের আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা জমিতে ঘাস মারার বিষ ছিটিয়ে দেয়। এতে সব নাগামরিচের চারা নষ্ট হয়ে যায়। ঘটনায় তাদের প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


আব্দুর রহমান বলেন, কয়েকজন কর্মজীবী যুবক মিলে নিজেদের অর্থ ও শ্রম বিনিয়োগ করে নাগামরিচ চাষের উদ্যোগ নিয়েছিলেন। চারা নষ্ট হয়ে যাওয়ায় তাদের সেই উদ্যোগ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।


ঘটনার পর তারা বিষয়টি মৌখিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা নিজপাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান উদ্যোক্তা আব্দুর রহমান।


এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে নাগামরিচের চারাগুলো নষ্ট করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17942
Page of