logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ভোক্তা অধিকার ও মাদকবিরোধী অভিযানে জরিমানা-কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
সিলেটে ভোক্তা অধিকার ও মাদকবিরোধী অভিযানে জরিমানা-কারাদণ্ড

সিলেট :

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার ভার্থখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে সিলেট শহরে মাদকবিরোধী অভিযানে ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লাবণ্য ইসলাম ঋতু। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৩৮ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১টা পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আরোপ করেন। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা করে।


জেলা প্রশাসন জানিয়েছে, নগরীতে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সিলেট বিনির্মাণে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17950
Page of