সিলেটে ২৪ ঘণ্টায় ৩২ গ্রেপ্তার, হকার উচ্ছেদে আটক ১৯
সিলেট:
সিলেট মহানগরীতে জনসাধারণ ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ১৯ জন হকারকে আটক করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক হকারকে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান থেকে উচ্ছেদ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএমপি জানায়, একই দিন ২৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ১৬ পিস ইয়াবা এবং ভারতীয় ৬৩ পিস কম্বল, সাবান, শ্যাম্পু ও বিস্কুট উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেট মহানগরীতে এর আগেও জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে হকার ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে এসএমপি।