সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহে মানববন্ধন
সিলেট:
সিলেটে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অপহরণ, নির্যাতন এবং সাজানো মামলায় গ্রেফতারের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের উদ্যোগে শাহী ঈদগাহ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেন।
শাহী ঈদগাহ উপ-পরিষদের আহ্বায়ক ও সাবেক সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর উপ-কমিটির সহসভাপতি ও শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক চালক জোট-২০৯৭-এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হুসেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লাইনম্যান মো. তিতাস খান আম্বরখানা পয়েন্টে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। সেখান থেকে টিলাগড় উপ-পরিষদের সভাপতি নুরুল ইসলাম খানের নেতৃত্বে একদল লোক তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁর ওপর নির্যাতন চালানো হয় এবং মাদক ও চাকু দিয়ে সাজানো মামলায় ফাঁসিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিতাস খানের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই সঙ্গে তিতাস খানকে অপহরণ ও মামলায় ফাঁসানোর ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। দাবি আদায় না হলে সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক ও আম্বরখানা-সালুটিকর উপ-পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, চালক জোট-২০৯৭-এর দরগা উপ-কমিটির সভাপতি রইমুল ইসলাম, বালুচর উপ-পরিষদের সভাপতি শ্রমিক দল নেতা আলী হুসেন, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক মো. রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জগলু আহমেদ, বিপ্লব আহমেদ, ৭০৭-এর শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক সভাপতি শাহা আলম, সুরজ মিয়া, হানিফ আহমেদ, তিতাস খানের ছোট ভাই লিমন আহমদ, বাবুল মিয়া, আব্দুর রহীম, জাহিদ হোসেন মুল্লা, শাহীন আহমদ, অহিদ মিয়া, মুসলিম সরকার, সোহেল আহমেদ, আনামত হোসেন ফগু, রুকন আহমদ, হুমায়ুন আহমেদ, জাকির, রিপন মিয়া ও কাদিরসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সিএনজি চালক ও পরিবহন শ্রমিকরা অংশ নেন।