logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গ্রাম থেকে বড় হওয়া আমাদের বড় শহরের ছেলেরা কখনো হারাতে পারেনি: শিশির মনির

চ্যানেল জৈন্তা নিউজ ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
গ্রাম থেকে বড় হওয়া আমাদের বড় শহরের ছেলেরা কখনো হারাতে পারেনি: শিশির মনির

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, “অজপাড়া গাঁয়ের অন্ধকারে কাদামাটি পেরিয়ে আমরা স্কুলে গিয়েছি। গ্রাম থেকে বড় হওয়া আমাদেরকে বড় বড় শহরের ছেলেরা কখনো হারাতে পারেনি।”


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


গ্রামীণ শিক্ষার্থীদের মনোবল না হারানোর আহ্বান


শিশির মনির বলেন, যারা শহরে পড়াশোনা করেছে আর যারা খেতের আইল দিয়ে হেঁটে ধানের গন্ধ পেয়ে বড় হয়েছে, তাদের শরীর, স্বাস্থ্য ও মন এত সতেজ ছিল যে ধনীর দুলালেরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “গ্রামে জন্ম নিয়েছো, দরিদ্র ঘরে জন্ম নিয়েছো কিংবা দিরাই-শাল্লার কোনো ইউনিয়নে জন্ম নিয়েছো, যেখানে রাস্তা-ঘাট নেই—এজন্য মনকে দুর্বল করবে না। যদি সত্যিকার অর্থে পরিশ্রম করতে পারো, তবে তোমাদের দেখে শহরের ছেলেমেয়েরা ভয়ে তাদের স্থান ছেড়ে দিতে বাধ্য হবে।”


তিনি আরও বলেন, পরিশ্রম, কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। মোবাইল ফোনের পেছনে পড়ে না থেকে ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিতে হবে।


শিশির মনির বলেন, “মোবাইল ফোন আর কতদিন? এমন একদিন আসবে, যখন তুমি সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হবে। তখন গ্রামে বসবাস করেছো, এটাই ইতিহাস হয়ে থাকবে। আর ভালো জায়গায় যেতে না পারলে মানুষ নাক সিটকাবে।”


অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতি


উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা শাখার সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।


অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাকিব আহমদ।


অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং দিরাই-শাল্লার শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17751
Page of