সিলেট পুরোনো কারাগারের জায়গায় পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সিদ্ধান্তের পরদিনই পরিদর্শন
সিলেট:
সিলেটে পুরোনো কেন্দ্রীয় কারাগার ও বাদাঘাটে অবস্থিত বর্তমান কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে নগরীর পুরোনো কারাগার পরিদর্শন করেন। পরে বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর একদিন আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় সিলেটের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে জমিটিতে একটি নান্দনিক পার্ক এবং ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গেছে, নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ পরিসর তৈরির লক্ষ্যে পুরোনো কারাগারের ভূমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আধা-সরকারি (ডিও) পত্র দেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার পর ভূমিটি সিসিকের কাছে হস্তান্তরের বিষয়ে প্রতিবেদন দেয়।
১৭ সেপ্টেম্বরের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা শেষে পুরোনো কারাগারের স্থানে পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেই সিদ্ধান্তের পরদিনই শনিবার সিলেটে এসে পুরোনো কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুপুর ১২টার দিকে তিনি পুরোনো কারাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে ও রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন। এরপর বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরোনো কারাগারের জমি সিসিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবদ্ধ ওই স্থান নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ পরিসরে রূপ নেওয়ার পাশাপাশি সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।