জৈন্তিয়ার উন্নয়নে ৩১ অক্টোবর নাগরিক সমাবেশ, ৯ সদস্যের কমিটি গঠন
সিলেট :
‘গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’—এই আহ্বান জানিয়েছেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান।
তিনি বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর হোয়াইট হাউস রিসোর্টের সম্মেলন কক্ষে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পরিষদের ১০ দফা দাবি ও কার্যক্রম নিয়ে স্মারক প্রকাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে করণীয় নির্ধারণে নাগরিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহি উদ্দিন জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।
সভায় আরও বক্তব্য দেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. মঈনুল হক, কোষাধ্যক্ষ কাজী আব্দুর রহমান আল মিসবাহ, শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন, কানাইঘাট উপজেলা সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ ও সিনিয়র সহ-সভাপতি শমসের আহমদ প্রমুখ।
সভায় আগামী ৩১ অক্টোবর নাগরিক সমাবেশ ও স্মারক প্রকাশের লক্ষ্যে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এ ছাড়া মাদকের প্রসার ও অব্যাহত চোরাচালানের প্রতিবাদে প্রতিটি উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন, ১০ দফা দাবি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।