শাহজালাল মাজারে ৩৪ দিনের দানের হিসাব প্রকাশ, কত টাকা উঠল?
সিলেট :
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ ৩৪ দিন পর আবারও খোলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) চতুর্থ দফায় প্রকাশ্যে এসব দানের অর্থ গণনা শেষে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। একই সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রৌপ্য ও ভক্তদের দেওয়া বিভিন্ন চিঠিও পাওয়া গেছে।
শনিবার সকাল থেকে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও দানের ডেগ থেকে অর্থ বের করে গণনার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যার দিকে মোট অর্থের হিসাব প্রকাশ করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে দানবাক্স ও ডেগে পাওয়া অর্থ এবং অন্যান্য সামগ্রীর হিসাব তুলে ধরেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় মাজারের দানবাক্স ও দানের ডেগ খোলা হয়েছিল। ওই সময় ৩৪ দিনে জমা হওয়া ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যও পাওয়া হয়েছিল।
চলতি বছরের ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। সে দফায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে দেওয়া ৫ লাখ টাকার চেক যুক্ত হওয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সে সময়ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রৌপ্য পাওয়া যায়। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।
এবার ৩৪ দিন পর চতুর্থ দফায় দানবাক্স ও দানের ডেগের অর্থ গণনা করা হলো। এতে আগের দফার তুলনায়ও বেশি নগদ অর্থ পাওয়া গেছে। পাশাপাশি বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার মাধ্যমে হিসাব সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় এবারও প্রকাশ্যে গণনা করা হয়।