সুনামগঞ্জে তিন সন্তান নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান। শুক্রবার রাতে সরফত আলী তাঁর তিন সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমাতে যান। পরে রাতের কোনো এক সময় তিনি তিন সন্তানসহ কীটনাশক পান করেন বলে জানা গেছে।
বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তাঁর এক ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান এবং কোনো দাবি না রাখতে বলেন। বিষয়টি জানতে পেরে তাঁর ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে খবর দেন।
পরে রহমত আলীসহ পরিবারের সদস্যরা দ্রুত সরফত আলীর বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন। তাঁদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে পারিবারিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও, ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।