জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন এসআই নবী হোসেনের মেয়ে ইতি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা আক্তার ইতি। সে সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন ও মোছাঃ পারভীন খানম দম্পতির মেয়ে।
ইতির এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও আত্মীয়-স্বজনের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি মনোযোগী ইতি নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন তার পরিবার।
মেয়ের ফলাফলে আনন্দ প্রকাশ করে মা মোছাঃ পারভীন খানম বলেন, ‘ইতি ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত পড়ালেখার প্রতি তার ভালোবাসাই আজকের এই ফল এনে দিয়েছে। ভবিষ্যতে সে যেন উচ্চশিক্ষা লাভ করে একজন আদর্শ ও সুনাগরিক হতে পারে—এ জন্য সবার দোয়া চাই।’
গর্বিত বাবা এসআই নবী হোসেন বলেন, ‘মেয়ের চমৎকার ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। ইতির এই সাফল্যের পেছনে তার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। সে ভবিষ্যতে বড় হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
হাবিবা আক্তার ইতির এই সাফল্যে শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে তার পরিবার।