logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বীরশ্রীতে জাহেদ ফারহানের একগুচ্ছ প্রতিশ্রুতি : ৫ বছর বিনামূল্যে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা দেওয়ার ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
বীরশ্রীতে জাহেদ ফারহানের একগুচ্ছ প্রতিশ্রুতি : ৫ বছর বিনামূল্যে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা দেওয়ার ঘোষণা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:


সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে পাঁচ বছর বিনা খরচে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জাহেদ আহমদ ফারহান। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যক্তিগত উদ্যোগে লাইটিংয়ের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


সোমবার (১৫ সেপ্টেম্বর) ভিঙ্গাইর বাজার পরিচালনা কমিটির আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন জাহেদ আহমদ ফারহান।


জাহেদ আহমদ ফারহান বলেন, ভিঙ্গাইর বাজারসহ ইউনিয়নের অন্যান্য বাজারগুলোতে ব্যক্তিগত উদ্যোগে খুব শিগগির লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। যুবসমাজসহ সর্বস্তরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনে অংশ নিতে তিনি ‘বাধ্য হয়েছেন’ বলেও মন্তব্য করেন।


তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। নির্বাচিত হলে সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। আর নির্বাচনে জয়ী না হলেও মানুষের পাশে থেকে এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান জাহেদ আহমদ ফারহান।


ভিঙ্গাইর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইব্রাহীম আলী লিটন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি সদস্য সঞ্জয় বিশ্বাস, বিশিষ্ট মুরব্বি মাহাদ আহমদ, সফাত আলী, রুবেল আহমদ, বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদ, বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুজাইফা, মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী এবং প্রভাষক মাওলানা আলী আফসার জিহাদি।


সভায় বক্তারা জাহেদ আহমদ ফারহানের প্রতি স্থানীয় মানুষের আগ্রহের কথা তুলে ধরেন। তাঁদের দাবি, আগের বিভিন্ন নির্বাচনী সভার তুলনায় এদিন ভিঙ্গাইর বাজারে জাহেদ আহমদ ফারহানের সভায় বেশি মানুষের উপস্থিতি ছিল। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


সভা শেষে ভিঙ্গাইর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী জাহেদ আহমদ ফারহানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17654
Page of