গরু-জিরা-কসমেটিকস থেকে রসুন-তৈরি পোশাক, সীমান্তে আটক ৩৫ লাখের পণ্য
সিলেট প্রতিনিধি:
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারত থেকে বাংলাদেশে আনার সময় জিরা, গরু, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ি, বিড়ি ও গরুর মাংসসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকাও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, আটক করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটক করা মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।