দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ হুইপ জি কে গউছের
সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার(১৪ সেপ্টেম্বর )সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় হুইপ জি কে গউছ বলেন, ডিসেম্বরকে ঘিরে আসা-যাওয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ আছে অথচ বিএনপি নেই—এমন মন্তব্যও করেন তিনি।
দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন এবং পুলিশের টহল জোরদার করতে হবে। পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
অনলাইন জুয়া, মাদক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধেও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন হুইপ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মাদক সেবন, পরিবহন ও বিক্রির সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ করে জি কে গউছ বলেন, ‘ভুতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়। কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না—আমরা যেগুলো ফেইস করছি, এগুলো যেন এখন আর না হয়, এটা মাথায় রাখবেন। কোনো মিথ্যা মামলা বানিয়ে মানুষকে আসামি করবেন না।’
তিনি আরও বলেন, ‘আবার কোনো আসামি যেন বুকটান করে রাস্তায় হাঁটতে না পারে। অপরাধী সর্বাবস্থায় অপরাধী, তার যে পরিচয়ই থাকুক—এ ব্যাপারে কোনো কমপ্রোমাইজ নেই।’
সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক ও সিভিল সার্জন জালাল উদ্দিন মোর্শেদ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।