logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৮ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৮ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :


সিলেটের গোয়াইনঘাটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ ও অসচ্ছল শ্রমিক এবং তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৬ জন অসুস্থ ও অসচ্ছল শ্রমিকের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ২৮ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


আয়োজকরা জানান, অনুদানপ্রাপ্তদের অধিকাংশই জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই আর্থিক সহায়তা তাঁদের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি পরিবারের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি মঞ্জুর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও কারানির্যাতিত এম. রুবেল আহমদ।


এ ছাড়া ইউপি সদস্য আব্দুর রহমান, মঈনুদ্দিন মনু, রুকন আহমেদ ও জুবের সুহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সাধারণ শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এই এককালীন অনুদান প্রদান সম্ভব হয়েছে বলে দাবি করেন তারা। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা মন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এলাকায় জটিল বা বিশেষ রোগে আক্রান্ত কোনো অসহায় রোগী থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ও উপযুক্ত প্রমাণাদিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের পরবর্তী সময়ে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17632
Page of