logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৪৮ ঘণ্টায় ৭৬ গ্রেফতার, ২৬৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
সিলেটে ৪৮ ঘণ্টায় ৭৬ গ্রেফতার, ২৬৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ধারাবাহিক অভিযানে দুই দিনে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ২৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।


এ অভিযানে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।


এর আগের দিন, ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে গ্রেফতার করে এসএমপি। এ সময় গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা ছিলেন।


ওই অভিযানে ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক বিভাগ ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৪টি যানবাহন আটক করা হয়।


দুই দিনের অভিযানে মোট ৭৬ জনকে গ্রেফতার এবং ১ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ২৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।


এসএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ সিলেট গড়তে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও নিয়মিত কার্যক্রম চলবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17627
Page of