logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ডাক্তারের সিরিয়াল নেওয়া নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
ডাক্তারের সিরিয়াল নেওয়া নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি:

ডাক্তারের সিরিয়াল আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ ও মোগলপাড়া এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের একটি ফার্মেসিতে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।


পরে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়লে মণ্ডলীভোগ ও মোগলপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রাতের অন্ধকারে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।


খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডাক্তারের সিরিয়াল আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17448
Page of