logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৭ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার তাগিদ

আসন্ন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
আসন্ন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬:

আসন্ন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।


প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।


এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।


তিনি বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17257
Page of