শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জামালগঞ্জের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। সোমবার সকালে তিনি মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম বা পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, উজ্জ্বল ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তাদের পরিবারে পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উজ্জ্বল হোসেন শুধু আনসার সদস্য হিসেবেই নয়, একজন মানবিক ও সমাজসেবী হিসেবেও স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার উদ্যোগে জরুরি প্রয়োজনে অনেক রোগী রক্ত পেয়েছেন বলে স্থানীয়রা জানান।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।