রায়নগর ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি
ডেস্ক নিউজ।
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, তাঁর সহধর্মিণী ও তাঁদের গৃহকর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন। একই পরিবারের তিনজনকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনায় সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও মর্মাহত হওয়ার কথা জানান।
স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা; হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পেছনের মূল রহস্য দ্রুত উদঘাটন করা; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সব অপরাধী ও সহযোগীকে শনাক্ত করে আইনের আওতায় আনা।
এছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রভাব, ক্ষমতা কিংবা অন্য কোনো কারণে কোনো অপরাধী যাতে ছাড় না পায় তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহত পরিবারের স্বজনদের যথাযথভাবে অবহিত করা, দ্রুত তদন্ত শেষ করে আইনি প্রক্রিয়ায় অভিযোগপত্র দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
ভবিষ্যতে সিলেট নগরীতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ময়নুল ইসলাম, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহমদ রেজা, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, শিক্ষা সম্পাদক আজমল হোসেন চৌধুরী অয়েস, কার্যনির্বাহী সদস্য ফাত্তাহ বকশী, মাহবুব আহমদ মুক্তা, ইসমত ইবনে ইসহাক সানজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।