সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
ডেস্ক নিউজ।
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৬ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি ও চা পাতা আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।