কোস্টগার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। একই সঙ্গে কোস্টগার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানের চাকরি বাংলাদেশ নৌবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাঁকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
নতুন নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।