logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ১৬ বাংলাদেশি

চ্যানেল জৈন্তা নিউজ ১১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ১৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক::


সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


স্থানীয় সময় দুপুরের দিকে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকদের একটি অংশ বের হতে পারেননি। পরে ঘটনাস্থল থেকে ১৬ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিহতদের বেশির ভাগের বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী অঞ্চলে। বিশেষ করে নওগাঁর আত্রাই উপজেলার কয়েকজন প্রবাসী শ্রমিক এ ঘটনায় নিহত হয়েছেন। স্বজনদের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর এসব এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


স্থানীয় প্রশাসন ও স্বজনদের দেওয়া তথ্যে জানা গেছে, নিহত শ্রমিকরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং স্বজনদের মুখে হাসি ফোটাতে তাঁরা প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে চলছে আহাজারি।


অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। কারখানাটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তদন্তের মাধ্যমে তা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


মর্মান্তিক এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।


প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ দুর্ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে। স্বজনদের দাবি, নিহতদের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সরকারি সহায়তা দেওয়া হোক।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16886
Page of