logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়ায় গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস বড়লেখার ছাত্রলীগের মিছিলেও অংশ নিয়েছেন: পুলিশের দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
কুলাউড়ায় গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস বড়লেখার ছাত্রলীগের মিছিলেও অংশ নিয়েছেন: পুলিশের দাবি

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৮) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে বড়লেখা পৌর শহরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল ও দেয়াললিখনের ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।


রোববার (১৬ আগস্ট) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের মৃত আব্দুল মুসাব্বির চৌধুরীর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী (পপি)-এর ছোট বোন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন বলে পুলিশ জানায়।


পরে বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার বিকেলে কুলাউড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বড়লেখা থানা-পুলিশের দাবি, ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনের সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয় এবং প্রাণিসম্পদ দপ্তরের সীমানা দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখা হয়।


এ ঘটনায় পরদিন ১২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জন চিহ্নিত নেতা-কর্মীসহ ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।


পুলিশ জানায়, মামলাটি তদন্তের সময় ওই মিছিল ও দেয়াললিখনের ঘটনায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ২০২৫ সালের মিছিলে অংশ নেওয়া ও দেয়াললিখনের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17016
Page of