logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২০ আগস্ট ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মুন্সীগঞ্জ থেকে ঢাকার কলাবাগানে, জানাজা ও দাফনে অংশ নেওয়ার প্রস্তুতি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

অনলাইন ডেস্ক। 

স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।


প্যারোলে মুক্তির পর কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তিনি রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশে রওনা হন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তাবলয় থাকবে।


এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তারা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেও জেলা প্রশাসনের সিদ্ধান্তে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।


মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী ১৮৯৪ সালের কারাবিধি অনুযায়ী ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানের বাসায় যাবেন। সেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। ওই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে গুলশান আজাদ মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।


প্রসঙ্গত, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।


দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17094
Page of