logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৮ আগস্ট ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আজমিরীগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
আজমিরীগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেপরোয়া সিএনজি অটোরিকশার ধাক্কায় আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম বিরাট উজানপাড়ার রাজাহাটী গ্রামের আলী মাহমুদ মিয়ার স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আছিয়া বেগম রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আজমিরীগঞ্জ সদর থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


স্থানীয় ইউপি সদস্য মো. মুকিত মিয়া বলেন, রাস্তা পারাপারের সময় বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা আছিয়া বেগমকে ধাক্কা দেয়। পরে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় আছিয়া বেগমকে হাসপাতালে আনা হয়। তার বাম কান দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছিল এবং প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।


আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17066
Page of