সিলেটের ৮ সীমান্ত এলাকায় বিজিবির অভিযান, আটক ৩০ লাখ টাকার মালামাল
সিলেট প্রতিনিধি:
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, মহিষ, কসমেটিক্স, চকলেট, কম্বল, সুপারি, ফল, জুসসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫৫ হাজার টাকা।
বুধবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, তামাবিল, সোনারহাট, সোনালীচেলা, পাথরকোয়ারী, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় জিরা, মহিষ, কসমেটিক্স, চকলেট, কম্বল, সুপারি, ফল, জুস, শনপাপড়ী, বিড়ি, বিস্কুট, চা পাতা, কিসমিসসহ বিভিন্ন চোরাচালানী পণ্য এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।