হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ তিনজন আটক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহদী হাসানসহ তিনজনকে আটকের সময় কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো নেতা-কর্মী বা আন্দোলনকারীকে দেখা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
ওসি আরও বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিলের আয়োজন করায় ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়েছে।