নিয়মিত গ্যাস না পাওয়ার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নিয়মিত সিএনজি গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাতকের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিয়মিত গ্যাস না পাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাম্পে গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় রাত-দিন অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। কী কারণে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও সুস্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
তারা বলেন, “আমরা শ্রমিক। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। সঠিক সময়ে নিয়মিত গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে।”
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এক ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ চালু রাখার অনুরোধ জানান।
পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে ওসি মিজানুর রহমান বলেন, “শ্রমিকদের কষ্ট আমরা বুঝি। তবে গ্যাস সরবরাহ সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে। কোনো সমস্যার সমাধান সড়ক অবরোধ করে করা যায় না। শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে তা আদায় করতে হবে।”
তিনি আরও বলেন, অবরোধের কারণে রোগীবাহী গাড়িসহ সাধারণ যানবাহন যানজটে আটকা পড়েছে। তাই শ্রমিকদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে দাঁড়ালে অবরোধ তুলে নেওয়া হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সরকারের কাছে তাদের দাবি, গ্যাস সরবরাহ নিয়ে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা হোক।
ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।”