বিয়ানীবাজারে ইউএনও’র তত্ত্বাবধানে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক গতি
নিজস্ব সংবাদদাতা, বিয়ানীবাজার:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে। তাঁর নেতৃত্বে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং নাগরিকবান্ধব প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলার শিক্ষা ব্যবস্থায় সংস্কার, বাল্যবিবাহ বন্ধ, অবৈধ বালু উত্তোলন রোধ ও মাদক নিয়ন্ত্রণ, চলমান খাল খনন কর্মসূচি, সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টস, আসন্ন প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট, এডিপি ও এলজিএসপি বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ সরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম দ্রুত ও সফলভাবে এগিয়ে চলছে।
এছাড়া জন্মনিবন্ধন সংশোধনেও গতি এসেছে। বৈধ কাগজপত্র জমা দিলে দ্রুত তা সংশোধন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইউএনও উম্মে হাবিবা মজুমদার নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। ভোরবেলায় বিভিন্ন মাদ্রাসার এতিমখানা পরিদর্শনে গিয়ে এতিম শিশুদের থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পদাধিকার বলে পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বও পালন করছেন তিনি।
উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ জানান, গ্রামীণ উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি শতভাগ কাজ নিশ্চিত করতে ইউএনও নিজেই বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। তাঁর তদারকিতে কাজের মান ও অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।
স্থানীয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে সেরা হিসেবে বাছাইয়ের ক্ষেত্রেও ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে বিদ্যালয়টি জাতীয় শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার লাভ করে।
সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের কর্মী মনোনয়নেও কোনো বিতর্ক সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। ইউএনও’র প্রচেষ্টায় উপজেলার প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে পৌরসভা ও শিক্ষা অফিস।
এদিকে পৌরসভা ও ভূমি অফিসের রাজস্ব আদায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলায় এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন এবং বৈদ্যুতিক লাইটের রক্ষণাবেক্ষণ কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে।
উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই আমার প্রধান লক্ষ্য। নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমরা জনমতকে গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বিয়ানীবাজারে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।