গলহা উচ্চ বিদ্যালয়ে ওসির মাদকবিরোধী, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী কর্মশালা
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ আগস্ট, সোমবার সকাল ১১টায় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এ কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন মধ্যনগর থানার এসআই মো. আমির আলী ও তিনজন কনস্টেবল।
বিদ্যালয়ে পৌঁছে প্রথমে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বিদ্যালয়ের হলরুমে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইভটিজিংয়ের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন মতামত মুক্তভাবে গ্রহণ করেন এবং ইভটিজিং প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ওপর গুরুত্বারোপ করেন। মাদকের ভয়াবহ কুফল ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কর্মশালার শেষ পর্যায়ে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়েও মূল্যবান আলোচনা করেন ওসি। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের একান্ত সহযোগিতার মাধ্যমে সমাজে অধিকাংশ বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।