সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ২ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট ২০২৬ তারিখে দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপিগুলোর সদস্যরা বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।