logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন
সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১৫ আগস্ট ২০২৬: পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত এক কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। অন্যদিকে গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। সৃষ্টির এই ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম।


তিনি বলেন, বিভিন্ন কারণে যেসব এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ যথাযথভাবে হয় না, সেসব এলাকায় পরিবেশদূষণ ও ভারসাম্যহীনতা দেখা দেয়। তাই পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।


সিলেটে বৃক্ষরোপণ পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণকে যুক্ত করা হবে।


তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর পাড়ের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। সেখানেও বিপুলসংখ্যক গাছ লাগানো হবে।


সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশন তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগাবে বলে তিনি আশা করেন।


অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।


এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16983
Page of