logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৪ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব—দলীয় সূত্রের দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব—দলীয় সূত্রের দাবি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে অনলাইনভিত্তিক গণমাধ্যম ঢাকা স্ট্রিম। একই সঙ্গে তাঁর স্থলাভিষিক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


ঢাকা স্ট্রিমের প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের জন্য অনানুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সূত্রের দাবি।


তবে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়টি মির্জা ফখরুল নিজে নিশ্চিত করেননি। গত রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। তবে সেগুলো কার নামে নেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে ওই দিন সন্ধ্যায় মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দলের পক্ষ থেকেও তাঁকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।


দলীয় সূত্রের বরাত দিয়ে ঢাকা স্ট্রিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে দলের একাধিক নাম বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুলকেই বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির দুই সিনিয়র নেতা।


তাঁদের ভাষ্য, অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তন না হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে তাঁরা উল্লেখ করেছেন।


মির্জা ফখরুল ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ—দুই পর্যায়েই বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ২০ মার্চ তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পরে ২০১৬ সালে তিনি দলের পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান।


মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হবে। দলটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে এ পদে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে। তবে জাতীয় কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।


এ ছাড়া মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও রিজভীর হাতে দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


তবে এসব বিষয়ে রুহুল কবির রিজভীও কোনো তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছেন। রাতে তিনি জানান, ভারপ্রাপ্ত মহাসচিব কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। দলের ভেতর থেকেও তাঁকে কিছু জানানো হয়নি বলে তিনি জানান।


এদিকে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।


গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার পরই বিষয়টি নিশ্চিত হবে।


সূত্র: ঢাকা স্ট্রিম

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16952
Page of