সিলেটে সিএনজিতে যাত্রীদের টাকা চুরির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-১০, তারিখ ৭ আগস্ট ২০২৬, ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ মামলার তদন্তপ্রাপ্ত আসামি আনছার আলী (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি জালালাবাদ থানার বাগারপাড় গ্রামের আনিস মিয়ার ছেলে।
এ সময় তার হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজি. নং-সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ২টা ২০ মিনিটে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে ছালেক আহমদের বসতবাড়ি থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপর আসামি মো. নুরুল হক ওরফে হক (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি বাগারপাড় গ্রামের ছালেক আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি অটোরিকশায় যাত্রাকালে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।