'টার্গেট কিলিং' এর শিকার সাংবাদিক এটিএম তুরাব: মিফতাহ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, "শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করেছিলেন। আমাদের মনে হয়েছে, এ কারণেই তৎকালীন ফ্যাসিস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন তিনি।"
সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং 'শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "চব্বিশের ১৯ জুলাই সিলেটের সেই মিছিলে আমরা বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও সেখানে ছিলেন। তারপরও পুলিশের হাত এতটুকুও কাঁপেনি। তারা নিরস্ত্র মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। সবার চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। দুঃখজনক হলেও সত্য, তাঁর পরিবারের সদস্যরা আজও বিচারের আশায় হতাশ হয়ে আছেন।"
তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় কিছু সাংবাদিক তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছিলেন। এখনও তারা নানা কৌশলে পলাতক স্বৈরাচারের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন। তাদের মধ্যে আত্মসমালোচনা বা আত্মশুদ্ধির কোনো লক্ষণ দেখা যায় না। এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।" তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে প্রবর্তিত এই অ্যাওয়ার্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে চারজন সাংবাদিককে 'শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেকট্রনিক মিডিয়া), চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেকট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।
সভায় জানানো হয়, সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ডের সুপারিশের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানকালীন অথবা পরবর্তী সময়ে প্রকাশিত বা সম্প্রচারিত প্রতিবেদন এবং সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবারের জুরিবোর্ডে ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াহিদ চৌধুরী। গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে জনি কান্ত শর্মা ও উৎফল বড়ুয়া।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর বক্তব্য রাখেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার এবং দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী, আইন সহায়তা কেন্দ্র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ন্যাশনাল উলামা এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক মুফতি সালিম আহমদ খান, কবি ইশরাক জাহান জেলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। এ সময় সম্মাননা পাওয়া সাংবাদিকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই অ্যাওয়ার্ড চালু করেছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের মধ্য থেকে প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এ অ্যাওয়ার্ডে ভূষিত হন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।