logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৩ আগস্ট ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে বিয়ের তিন মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধূর আত্মহত্যা

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ আগস্ট ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ আগস্ট ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে বিয়ের তিন মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধূর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি:


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক লন্ডন প্রবাসীর নববধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


ঘটনাটি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল হাড়গ্রামের লন্ডন প্রবাসী সুনু মিয়ার সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের হালেমা বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই সুনু মিয়া পুনরায় লন্ডনে ফিরে যান।


এরই মধ্যে পারিবারিক কলহের জেরে গত ১ আগস্ট শনিবার দুপুরে নিজ বাড়ির পাকা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হালেমা বেগম।


খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।


রোববার (২ আগস্ট) জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



---


জগন্নাথপুরে নৌকাডুবির চার নিখোঁজের সবাই মৃত, শেষ দুইজনের মরদেহও উদ্ধার


জগন্নাথপুর প্রতিনিধি:


সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুইজনের মরদেহ উদ্ধারের পর রোববার (২ আগস্ট) আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ স্থানীয় মইয়ার হাওরে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। গত ৩১ জুলাই রাতে ওই নতুন বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূর্ব ভবানীপুরে অবস্থিত তাদের পুরোনো বাড়ির স্বজনরাও অংশ নেন।


অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩টার দিকে দুটি ছোট নৌকায় ১৭ জন নতুন বাড়ি থেকে পুরোনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে সাতজন বহনকারী একটি নৌকা নিরাপদে গন্তব্যে পৌঁছালেও ১০ আরোহী নিয়ে অপর নৌকাটি পথে ডুবে যায়।


ডুবে যাওয়া নৌকায় থাকা ছয়জন তরুণ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন বয়স্ক ব্যক্তি নিখোঁজ হন। তারা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুন দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) এবং হেমেন্দ্র দেবনাথ (৩৪)।


ঘটনার পর গত ১ আগস্ট শনিবার জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে সত্যেন্দ্র দেবনাথ ও অরুন দেবনাথের মরদেহ উদ্ধার করেন।


পরে রোববার (২ আগস্ট) উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথের মরদেহও উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা রজত বাবুসহ সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16738
Page of