logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ আগস্ট ২০২৬ ০৬:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংবাদ প্রকাশের পর ঢুলনা ছড়ার বাঁধ পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৬:০০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৬:০০ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর ঢুলনা ছড়ার বাঁধ পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢুলনা ছড়ার ভাঙা বাঁধ সংস্কারে বিলম্বের অভিযোগে শতাধিক কৃষকের উদ্বেগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের পর প্রশাসনের নজরে এসেছে।


কৃষকদের ফসল রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আলীকে ভাঙা বাঁধের ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।


ইউএনওর নির্দেশনার পর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আলী ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢুলনা ছড়ার বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় ছড়ার কোথাও বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে কি না এবং ভাঙা বাঁধের কারণে কৃষিজমিতে পানি প্রবেশের সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।


পরিদর্শনকালে চেয়ারম্যান মুহাম্মাদ আলী ও ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বাঁধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।


ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, দ্রুত বাঁধ সংস্কার করা না হলে সামান্য বৃষ্টি হলেই আবারও ছড়ার পানি প্রবেশ করে প্রায় শতাধিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে কৃষকদের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।


পরিদর্শন শেষে চেয়ারম্যান মুহাম্মাদ আলী বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীকে অবহিত করা হবে। তাঁর সঙ্গে আলোচনা করে কীভাবে দ্রুত বাঁধটি সংস্কার করে কৃষকদের ফসল রক্ষা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয় কৃষকরা দ্রুত ঢুলনা ছড়ার ভাঙা বাঁধ সংস্কার করে তাদের ফসল রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16696
Page of