ফেঞ্চুগঞ্জে ‘সেভ ফেঞ্চুগঞ্জ’-এর উদ্যোগে ১১টি পানির ফিল্টার বিতরণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সামাজিক সংগঠন সেভ ফেঞ্চুগঞ্জ (Save Fenchuganj)-এর ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিশুদ্ধ খাবার পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, মিসেস রেহানা বেগম ও আলহাজ্ব নুরুল হকের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও অসচ্ছল পরিবারের মাঝে মোট ১১টি পানির ফিল্টার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিয়নের ৮টি মাদ্রাসা এবং ২টি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে এসব ফিল্টার বিতরণ করা হয়।
সংগঠনটি জানায়, যেসব দুটি পরিবারকে পানির ফিল্টার দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। নিরাপদ খাবার পানির জন্য তাদের প্রতিদিন দুর্গম পথ অতিক্রম করতে হতো। নতুন এই ফিল্টার পাওয়ার ফলে তাদের সুপেয় পানির কষ্ট অনেকটাই লাঘব হবে।
অন্যদিকে, মাদ্রাসাগুলোতে পানির ফিল্টার স্থাপনের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন সহজেই বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করার সুযোগ পাবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘সেভ ফেঞ্চুগঞ্জ’-এর দায়িত্বশীলরা জানান, এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটির এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।